ফ্লোরিডা সফরের প্রয়োজন নেই, দেশেই মশক নিধনের সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই, বরং দেশের বাস্তব পরিস্থিতিতেই সমাধান খুঁজে নেওয়া সম্ভব- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও কর্মকর্তাদের প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর নিয়ে মতামত দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন এবং সফরের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন।
সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে সারসংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাব অনুযায়ী, সফরটির অর্থায়নের কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর।
প্রধানমন্ত্রী বলেন, মশক নিধনের কৌশল শেখার জন্য বিদেশে যাওয়ার দরকার নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর ডোবার পাশে দুই-তিন ঘণ্টা দাঁড়ালেই বাস্তব অভিজ্ঞতা থেকে কার্যকর ও উদ্ভাবনী সমাধান বের করা সম্ভব। তাঁর মতে, স্থানীয় বাস্তবতা না বুঝে বিদেশি মডেল অনুকরণ করলে কাঙ্ক্ষিত ফল আসে না।
এই মন্তব্যকে অনেকেই দেশের চলমান মশক সমস্যার প্রেক্ষাপটে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও ব্যয়–সাশ্রয় নিয়েও এটি একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :