আন্তর্জাতিক বাজার বিবেচনায় মে মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব সংবাদদাতা :
দেশে জ্বালানি তেলের বর্তমান মূল্য মে মাসজুড়ে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বিদ্যমান খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ১৮ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও জ্বালানি সরবরাহের বিষয়টি বিবেচনায় নিয়েই এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা মে মাসেও বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা ১ মে থেকে প্রযোজ্য থাকবে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা ও আমদানি ব্যয়ের ওপর ভিত্তি করে প্রতি মাসেই মূল্য পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হতে পারে।
আপনার মতামত লিখুন :