ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর ২ সদস্য অভিযুক্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি বিমানবাহিনীর দুই সদস্যের বিরুদ্ধে গুরুতর নিরাপত্তা-সংক্রান্ত মামলা করা হয়েছে। অভিযুক্ত দুজনই প্রযুক্তিবিদ হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইসরায়েলি দৈনিক হাৎরেত্‌জ-এর বরাতে এই খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এবং পুলিশ জানায়, ওই দুই সদস্যের বিরুদ্ধে শত্রুপক্ষকে সহায়তা, সংবেদনশীল তথ্য সরবরাহসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, একজন সেনাসদস্যের বিরুদ্ধে সরাসরি বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। অন্যজন সেই যোগাযোগে সহায়তা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। এই বিদেশি যোগাযোগ ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন, অস্ত্র-সংক্রান্ত কাজে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর তারা প্রথমে ইরানি যোগাযোগকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে তদন্তকারীদের অভিযোগ, পরবর্তী সময়ে তারা আবারও সেই যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তদের একজন একজন ইরানি এজেন্টকে যুদ্ধবিমান ব্যবস্থাসংক্রান্ত সামরিক প্রশিক্ষণ সামগ্রী সরবরাহ করেন। পাশাপাশি একটি সামরিক ঘাঁটির অবকাঠামো এবং বিভিন্ন এলাকার ভিডিওচিত্রও তার কাছে পাঠানো হয়েছিল।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইসরায়েলের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ