জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে বাজারে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটারে বিক্রি হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এতদিন প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দরে বিক্রি হয়েছে। অর্থাৎ নতুন সিদ্ধান্তের ফলে চার ধরনের জ্বালানি তেলের দামই একসঙ্গে ২০ টাকা করে বেড়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি।

এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় প্রতি লিটার ডিজেলে বিপিসির লোকসান হচ্ছে প্রায় ৮৯ টাকা। এতে প্রতিদিন ডিজেল বিক্রিতে প্রায় ১০৯ কোটি টাকা লোকসান হচ্ছে। একই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে পরিবহনসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার থেকে নতুন নির্ধারিত দামেই দেশের বাজারে জ্বালানি তেল বিক্রি হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ