খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চায় যুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
শুধু খেলাধুলা নয়, পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি ও সংস্কৃতি চর্চাসহ নানা সৃজনশীল কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষার্থীদের যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এসব চর্চা শিশুদের মানসিক বিকাশে সহায়ক এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শনিবার (২০ জুন) রাজধানীর আর্মি স্টেডিয়াম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলতে হবে বিশ্বের সেরা খেলোয়াড়দের মতো। উদাহরণ টেনে তিনি বলেন, **লিওনেল মেসি**দের পর্যায়ে পৌঁছাতে হলে নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও সৃজনশীলতা জরুরি। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, খেলাধুলা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ ভবিষ্যতে আরও দক্ষ নেতৃত্ব পাবে।
ফাইনাল খেলায় বালক বিভাগে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ১–০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিকা বিভাগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহীর পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সমন্বয়ই শিশুদের সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।
আপনার মতামত লিখুন :