1. জাতীয়
  2. বিস্তারিত

ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে ঈদ উদ্‌যাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে ঈদ উদ্‌যাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ বাংলা ডেস্ক :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে ত্যাগ, সংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার পথনির্দেশনা ও আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন এই উৎসবের আনন্দ ভাগ করে নেয়।

তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা গ্রহণই কোরবানির প্রকৃত তাৎপর্য। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করার এই উৎসব মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা কোরবানি দিতে পারেননি, তাদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নেওয়া কোরবানির অন্যতম শিক্ষা। এতে সামাজিক সংহতি ও সহমর্মিতা আরও সুদৃঢ় হবে।

কোরবানির সময় পরিচ্ছন্নতা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে এবং রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহায় তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতিকে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করা হয়। বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্যও তিনি দোয়া করেন।

বার্তার শেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।
ad728

আরও পড়ুন

আপনার মতামত লিখুন