নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আকবর শেখ (৬৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
৩১ মার্চ সোমবার বিকেলে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত আকবর শেখ ওই গ্রামের মেকরেত শেখের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এরই জেরে ঈদের দিন বিকেলে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে আকবর শেখ গুরুতর আহত হলে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আকবর শেখ মারা যান।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :