যুদ্ধবিরতি বাড়ায় ইরান-যুক্তরাষ্ট্র, হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
নতুন সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এর ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। এই খবরে বিশ্ববাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অপরিশোধিত তেলের দাম কমেছে এবং পশ্চিমা শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
সমঝোতার পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে আবারও ঝাঁকে ঝাঁকে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কমায় তেলের দামে বড় ধরনের দরপতন হয়েছে।
যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে বাহরাইন। দেশটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে।
এদিকে কুয়েত সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এর মাধ্যমে উপসাগরীয়, আরব ও বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য সীমিত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সঙ্গে সরাসরি ফ্লাইট সময়সূচি সমন্বয় করা হবে।
চুক্তির খবরে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শেয়ারদর বেড়েছে। একই প্রবণতা দেখা গেছে কানাডার বাজারেও। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টরন্টো স্টক এক্সচেঞ্জের সূচক ০.৩ শতাংশ বেড়ে ৩৫,০৭৫.১১ পয়েন্টে দাঁড়ায়।
মার্কিন-ইরান সমঝোতাকে স্বাগত জানিয়ে ওমান–এর পররাষ্ট্রমন্ত্রী এটিকে ‘বাস্তবসম্মত সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে জার্মানি–র চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন, এই চুক্তি বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :