রাজধানীর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজধানীর সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন নিয়ন্ত্রণ, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন এবং বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টদের মতে, নাগরিক দুর্ভোগ কমাতে এবং ঢাকার যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং অ্যাডভোকেট শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা গেছে, ঢাকার যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি ছিল দ্বিতীয় উচ্চপর্যায়ের সভা। এর আগে অনুষ্ঠিত সভায়ও রাজধানীর সড়ক শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পরিকল্পনা ও সুপারিশ তুলে ধরা হয়েছিল।
সূত্র : বাসস
আপনার মতামত লিখুন :