বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখল ইসরায়েল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

আসন্ন ইহুদি ধর্মীয় উৎসবকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য বড় ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)। এর অংশ হিসেবে বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণ ও অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার প্রকাশিত এক সতর্কবার্তায় এনএসসি জানিয়েছে, আসন্ন কয়েকটি ইহুদি ধর্মীয় দিবসকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত ইসরায়েলি ও ইহুদিদের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি আগের তুলনায় বেড়েছে। ইরান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

এনএসসির দাবি, আফ্রিকা মহাদেশেও ইসরায়েলিদের ওপর হামলার হুমকি রয়েছে। ইয়েমেনভিত্তিক হুথিরা ইসরায়েলিদের লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, ইরানের আশপাশের দেশগুলো ইসরায়েলিদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বিশেষ করে আজারবাইজান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া আগামী অক্টোবরে ইসরায়েল-হামাস সংঘাতের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, সহিংসতা ও হামলা বাড়তে পারে বলে আশঙ্কা করছে এনএসসি।

জর্ডান, কাতার, সোমালিল্যান্ড ও মিসর—সিনাই উপদ্বীপসহ—ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পাশাপাশি বর্তমানে অবস্থানরত ইসরায়েলিদের সেখান থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, এসব দেশে বিমান ট্রানজিটের ক্ষেত্রে বিমানবন্দর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

অন্যদিকে ইরাক, কুর্দিস্তান, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন ও সৌদি আরবে ইসরায়েলিদের ভ্রমণ আইনগতভাবে নিষিদ্ধ বলে জানিয়েছে এনএসসি। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রেও এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া ও সোমালিয়াকে ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই। দেশ দুটির মধ্যে নিয়মিত যাতায়াতও নেই ইসরায়েলিদের। এরপরও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈশ্বিক ঝুঁকি মূল্যায়নের তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে।

সূত্র : জেরুজালেম পোস্ট


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ