পাঠ্যবইয়ে যুক্ত হবে ২০২৪ গণঅভ্যুত্থান, সংশোধন হচ্ছে ইতিহাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ‘একপেশে ইতিহাস’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে ইতিহাসের বিচ্যুতিমুক্ত, নির্ভুল ও আধুনিক পাঠ্যপুস্তক।
বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিটিবির চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঠ্যবই পরিমার্জন এবং যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়নের কাজ চলছে। অতীতে ইতিহাসের যেসব বিকৃতি ও একপেশে উপস্থাপন ছিল, তা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে সংশোধন করা হচ্ছে।
তিনি জানান, মুক্তিযুদ্ধের বীর নায়কদের প্রকৃত অবদান সঠিকভাবে তুলে ধরা হবে। পাশাপাশি ১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিস্তারিত ইতিহাসও নতুন পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের ৯৭টি এবং প্রাথমিকের ৩৬টি বই পরিমার্জনে প্রায় ৩২০ জন বিশেষজ্ঞ কাজ করছেন। তাদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও অভিজ্ঞ শিক্ষকেরা রয়েছেন। আগামী জুলাইয়ের মধ্যে কাজ শেষ করে বই মুদ্রণের প্রস্তুতি নেওয়া হবে।
শুধু ইতিহাস নয়, নতুন শিক্ষাক্রমে প্রযুক্তি ও আনন্দভিত্তিক শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির আইসিটি বইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সংযোজন করা হচ্ছে। এছাড়া চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা ও সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বই যুক্ত করা হবে।
এনসিটিবি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, ২০২৭ সালের প্রথম দিনেই শিক্ষার্থীরা নতুন ও পরিমার্জিত পাঠ্যবই হাতে পাবে, যা হবে আরও তথ্যসমৃদ্ধ, নির্ভুল ও শিক্ষার্থী-বান্ধব।
সূত্র : বাসস
আপনার মতামত লিখুন :