ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হোসেনপুর, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
ঘন ঘন লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দারা। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যায় শিক্ষার্থী, ব্যবসায়ী, গৃহিণীসহ সব শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত কোনো সময়সূচি ছাড়াই দিনের বিভিন্ন সময়ে এবং গভীর রাতেও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, গৃহস্থালির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে।
এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর সমাধান না হওয়ায় জনমনে অসন্তোষ বাড়ছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কথাও ভাবছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে হোসেনপুর পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিসের ডিজিএম মো. সোহেল রানা বলেন, হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৭ মেগাওয়াট। কিন্তু বর্তমানে জাতীয় গ্রিড থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৩ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ। এ কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে।
তিনি আরও বলেন, বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হলে লোডশেডিংয়ের পরিমাণও কমে আসবে। অচিরেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, ভোগান্তি থেকে দ্রুত মুক্তি পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন হোসেনপুর উপজেলার বাসিন্দারা।
আপনার মতামত লিখুন :