জঙ্গল সলিমপুরে হামলার পর কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাস দমনে হুঁশিয়ারি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশে আইনের শাসন কার্যকর ছিল না বলেই জঙ্গল সলিমপুরের মতো দুঃসাহসী ঘটনা ঘটেছে। তবে এখন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ যেসব এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটছে, সেগুলো সরকার নিবিড়ভাবে নজরদারিতে রেখেছে। যারা এই দুঃসাহস দেখিয়েছে, তাদের কঠোরভাবে নির্মূল করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, এবার সড়ক দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কম। যেগুলো ঘটছে, তার বেশির ভাগই ব্যক্তিগত অসতর্কতার কারণে। এ জন্য যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ঈদের সময় পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল বিশেষভাবে কাজ করে। মহাসড়ক ও পশুর হাট সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। ঈদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তী সময়েও এ কার্যক্রম চলবে।

সড়কে যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টোল ব্যবস্থাকে আধুনিক করতে সড়ক মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে। এ ক্ষেত্রে ডিজিটালাইজেশন জরুরি। পাশাপাশি নারায়ণগঞ্জে লোকনাথ উৎসব ও মাদারীপুরে কুম্ভ মেলাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ১টার দিকে জঙ্গল সলিমপুর–এর আলীনগর এলাকায় যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে কয়েক শ সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীরা ক্যাম্প ভাঙচুর করে এবং উপস্থিত লোকজনকে মারধর করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনী ১০৫ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরদিন সোমবার সেখানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ