মা হওয়ার পর নারীদের প্রতি আচরণ বদলে যায়, মন্তব্য কিয়ারা আদভানির
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
মা হওয়ার পর জীবন যে আমূল বদলে যায়, সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই এখন সময় কাটছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি–র। মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করার পাশাপাশি সন্তান জন্মের পর নারীদের প্রতি সমাজের আচরণ ও মানসিকতা নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, মাতৃত্ব তাঁর জীবন, চিন্তাভাবনা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিতে একেবারে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর মতে, মা হওয়ার অভিজ্ঞতা একজন নারীর ব্যক্তিগত ও মানসিক বিকাশে গভীর প্রভাব ফেলে।
কিয়ারা বলেন, মা হওয়া সব দিক থেকেই এক ভিন্ন অনুভূতি। তবে তিনি বিশ্বাস করেন, এই পরিবর্তন তাঁর কাজের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং পরিচালকেরা তাঁর কাজের আরও পরিণত ও গভীর দিক দেখতে পাবেন। তাঁর ভাষায়, মাতৃত্বের এই যাত্রা তাঁর জীবন ও জগৎ সম্পর্কে উপলব্ধিতে নতুন একটি দিগন্ত খুলে দিয়েছে।
তবে মাতৃত্বের আনন্দের পাশাপাশি সমাজের একটি বৈপরীত্যপূর্ণ আচরণের কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, গর্ভাবস্থায় একজন নারীকে প্রশংসায় ভাসানো হলেও সন্তান জন্মের পরই বদলে যায় মানুষের দৃষ্টিভঙ্গি। তখন নারীর শারীরিক পরিবর্তন, ওজন বৃদ্ধি কিংবা চেহারা নিয়ে শুরু হয় মন্তব্য ও সমালোচনা।
কিয়ারা বলেন, “গর্ভবতী থাকলে সবাই বলে, ‘তোমাকে দারুণ লাগছে।’ কিন্তু সন্তানের জন্মের পরপরই বলা হয়, ‘এখন তো খুব মোটা লাগছে, কেমন যেন হয়ে গেছ।’”
তার মতে, সন্তান জন্মের পরের সময়টাই একজন নারীর জীবনে সবচেয়ে বেশি সংবেদনশীল। অথচ ঠিক তখনই অনেক নারীকে মানসিক চাপ, সামাজিক সমালোচনা এবং অনাকাঙ্ক্ষিত মন্তব্যের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় নারীকে প্রায় ‘দেবী’ বানিয়ে রাখা হয়, কিন্তু সন্তান জন্মের পর শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন সময়।
কিয়ারার এসব মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, মাতৃত্ব-পরবর্তী সময়ে নারীদের শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং তাদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া জরুরি- এই গুরুত্বপূর্ণ বার্তাই তুলে ধরেছেন অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :