মাদারীপুর সংবাদদাতা :
মাদারীপুরের শিবচরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর সন্ধ্যার দিকে তারা রেললাইনের পাশের ঝোপে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাথে সাথে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। যেহেতু ঘটনাটি রেললাইনের পাশে ঘটেছে, তাই এটি রেল পুলিশের তদন্তসাপেক্ষ বিষয়।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বলেন, আমরা রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় ব্যক্তিটির মৃত্যু হয়েছে। এখনও তার নাম ও পরিচয় জানা যায়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ।
আপনার মতামত লিখুন :