রামগতির স্বাস্থ্যসেবায় নতুন আশা, ১০০ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগে কমলনগর ও রামগতির সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আশাবাদের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের এ দাবির বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় স্থানীয়রা মাননীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয়দের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীত হলে গর্ভবতী মা, শিশু, বয়স্ক এবং জরুরি রোগীরা আরও সহজে ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। দীর্ঘদিন ধরে বেডসংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অনেক রোগীকে জেলা সদর হাসপাতালে পাঠাতে হতো। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিজ এলাকাতেই নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

তবে স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণের পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। তাদের মতে, উপজেলার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব ইউনিয়নের মানুষের সমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন ১০ শয্যাবিশিষ্ট ভবনটি উপজেলার মধ্যবর্তী স্থানে নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয়দের ভাষ্য, ভবনটি কেন্দ্রীয় স্থানে নির্মিত হলে চর আলেকজান্ডার, চর গাজী, চর বাদামসহ দূরবর্তী এলাকার বাসিন্দারাও সহজে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে যাতায়াতের সময় ও দুর্ভোগ কমবে এবং স্বাস্থ্যসেবার সুফল সমানভাবে সবার কাছে পৌঁছে যাবে।

কমলনগর ও রামগতির সর্বস্তরের মানুষ আশা প্রকাশ করেছেন, জনবান্ধব নেতৃত্বের পরিচয় দিয়ে সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান জনগণের এই যৌক্তিক দাবিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারণ এবং পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে রামগতির স্বাস্থ্যসেবায় একটি নতুন যুগের সূচনা হবে এবং এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতভাবে লাভ করবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ