নিউজ বাংলায় সংবাদ প্রকাশের পর বেহাল সড়ক দ্রুত সংস্কারের আশ্বাস এলজিডি’র প্রধান প্রকৌশলীর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
মীর জুবাইর আলম, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা নিয়ে নিউজ বাংলা-য় সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর প্রধান প্রকৌশলীর নজরে এসেছে।
গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজার–দুধপাতিল–মানিকভান্ডার–উছমানপুর–ধলাঝাই–সাদ্দাম বাজার হয়ে আমরোড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সাম্প্রতিক টানা বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে এলজিডির প্রধান প্রকৌশলী নিউজ বাংলাকে জানান, সড়কটির দুরাবস্থা ও জনদুর্ভোগের বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন।
হবিগঞ্জ জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, আমি সম্প্রতি জেলায় যোগদান করেছি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সড়কটির উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চুনারুঘাট উপজেলা এলজিডির প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, “আমি কাজ করার জন্যই এসেছি। আমার নির্বাচনী এলাকার উপজেলা পরিষদের কোনো রাস্তা কাদায় ডুবে জনদুর্ভোগের কারণ হবে- তা হতে দেব না। চলতি বাজেটেই এ সড়কের উন্নয়নকাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।
চুনারুঘাট উপজেলা এলজিডির প্রকৌশলী মোঃ ফজলুল হক জানান, এটি উপজেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এভাবে চলাচলের অনুপযোগী অবস্থায় থাকা উচিত নয়। চলতি অর্থবছরেই সড়কটির উন্নয়নকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ মাসের মধ্যেই প্রকল্পের প্রাক্কলন (এস্টিমেট) প্রস্তুত করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
এদিকে, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করায় নিউজ বাংলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস দ্রুত বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
আপনার মতামত লিখুন :