রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারে মানববন্ধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

রোহিঙ্গা আগমনের নয় বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন, পুরোনো রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন এবং তাদের অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ তদন্তসহ বিভিন্ন দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্বরে ‘কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি’ ও ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠী নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। ক্যাম্প থেকে বেরিয়ে অপরাধ, মাদক ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও করেন তারা। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজারের পরিবেশ, পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন বক্তারা।

সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে দ্রুত সব রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন অথবা চলতি বছরের মধ্যেই অন্য কোনো দেশে স্থানান্তর, কক্সবাজারের প্রতিটি ইউনিয়নভিত্তিক পুরোনো রোহিঙ্গাদের তালিকা তৈরি এবং অবৈধভাবে ভোটার হওয়া ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন বাতিল করা।

এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তার অভিযোগে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহাবুর রহমান। বক্তব্য দেন সুজনের অধ্যাপক অজিত দাশ, জেলা ইমাম সমিতির মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক বলরাম দাশ অনুপমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ আরও বাড়বে। তাই দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ