মিটার সংকটে ওসমানীনগর, সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী , ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জোনাল অফিসে দীর্ঘদিন ধরে মিটার সংকট, সেবায় অনিয়ম ও গ্রাহক হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। নতুন সংযোগ পেতে মাসের পর মাস অপেক্ষা করেও সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে ভুক্তভোগীদের মধ্যে।
অভিযোগ রয়েছে, নতুন মিটার ও তারের সংকটের অজুহাতে আবেদনকারীদের দীর্ঘ সময় ঘুরতে হচ্ছে। এতে নির্মাণাধীন বাড়ির মালিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও নির্ধারিত সময়সীমা না জানিয়ে গ্রাহকদের বারবার অফিসে আসতে বাধ্য করা হচ্ছে।
স্থানীয় পাচপাড়া গ্রামের শাহ আনহার মিয়া ও বোয়ালজোড় এলাকার সৈয়দ হুমায়ুন কবিরসহ একাধিক গ্রাহক জানান, সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও শুধুমাত্র মিটার না থাকার অজুহাতে তাদের সংযোগ দেওয়া হচ্ছে না। এতে দৈনন্দিন জীবনযাপন ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে পুরোনো ও ত্রুটিপূর্ণ মিটার থেকে অতিরিক্ত বা ‘ভূতুড়ে বিল’ আসার অভিযোগ করলেও তা পরিবর্তনে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে দাবি গ্রাহকদের। অভিযোগ রয়েছে, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত কাজ সম্পন্ন হলেও সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে সেবা পেতে দীর্ঘসূত্রিতা দেখা যায়।
যোগাযোগের জন্য ওসমানীনগর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নাইমুল হাসানের সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে অফিস সূত্রে দাবি করা হয়েছে, কেন্দ্রীয়ভাবে মিটার সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন মিটার পাওয়া গেলে দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে ভুক্তভোগী গ্রাহকরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে মিটার সংকট নিরসনের মাধ্যমে হয়রানি বন্ধ করে দ্রুত সেবা নিশ্চিত করা যায়।
আপনার মতামত লিখুন :