ভাঙাচোরা সড়কে অবরুদ্ধ রুইফ পাড়া, দুর্ভোগে শিক্ষার্থী ও কৃষকরা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মথি ত্রিপুরা , বান্দরবান : 

বান্দরবান জেলার রুমা উপজেলার ৪ নম্বর গালেংঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুইফ পাড়ার একমাত্র সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

থানচি-প্রধান সড়ক থেকে রুইফ পাড়া পর্যন্ত প্রায় ১০০ থেকে ২০০ ফুট দীর্ঘ এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়কটি ২০০২ সালে পার্বত্য উন্নয়ন বোর্ডের আওতায় নির্মিত হলেও এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি।

এলাকা পরিদর্শনকালে স্থানীয় ইউপি সদস্য ঙাংরাও ম্রো জানান, সড়কটি সংস্কারের জন্য তিনি অতীতেও একাধিকবার বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেছেন। তবে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় কাজটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই রাস্তাটি নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে বলে তিনি আশাবাদী।

রুইফ পাড়ার বাসিন্দারা জানান, সড়কের বেহাল দশার কারণে কৃষিপণ্য, জুমের ফসল ও বাগানের ফলমূল প্রধান সড়কে পৌঁছাতে মারাত্মক কষ্ট পোহাতে হয়। যানবাহন পাড়ার ভেতরে ঢুকতে না পারায় অনেক সময় মাথায় বা কাঁধে করে মালামাল বহন করতে হয়।

স্থানীয়দের মতে, প্রতিবছর ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “চাংক্রান পয় মেলা” রুইফ পাড়ায় অনুষ্ঠিত হয়। বান্দরবানের সাতটি উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে নানা জাতি ও সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেন। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে দর্শনার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয় এবং মাঝে মাঝে মোটরসাইকেল দুর্ঘটনাও ঘটে।

এই সড়ক দিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে এলাকার শিক্ষার্থীরা। এক ছাত্রী জানায়, বর্ষাকালে সড়কটি অত্যন্ত পিচ্ছিল হয়ে যায়, ফলে স্কুলে যেতে গিয়ে পড়ে আহত হওয়ার আশঙ্কা থাকে।

দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন রুইফ পাড়ার বাসিন্দারা। তাদের আশা, সড়কটির উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, কৃষি ও সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ