‘সরকারকে হটাও’ আটকের সময় কানে কানে বলেছিলেন পুলিশ সদস্যরা : রাহুল গান্ধী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ চলাকালে আটক হওয়ার সময় দিল্লি পুলিশের কয়েকজন সদস্য কানে কানে তাকে বলেছিলেন, “এই (মোদি) সরকারকে হটাও।” এমন চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

বুধবার এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বিক্ষোভ থেকে তাকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার সময় দায়িত্ব পালনরত কয়েকজন পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে মোদি সরকারের প্রতি তাদের অসন্তোষের কথা প্রকাশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনের সামনে আয়োজিত বিক্ষোভে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা। বিক্ষোভস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে দিল্লি পুলিশ তাদের আটক করে সরিয়ে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে দুই হাত ও দুই পা ধরে টেনেহিঁচড়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ওই সময় তার নাক থেকে রক্ত ঝরতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে রাহুল বলেন, “পুলিশ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু একই সঙ্গে তারা আমার কানে কানে বলছিল- ‘এই সরকারকে হটাও।’ কেউ বলছিল, ‘আমি রাজস্থান থেকে এসেছি’, কেউ বলছিল, ‘আমি হরিয়ানা থেকে এসেছি। আমরা শুধু ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছি।’”

তিনি আরও দাবি করেন, দায়িত্বের কারণে পুলিশ সদস্যরা নির্দেশ পালন করতে বাধ্য হলেও, চলমান পরিস্থিতিতে তারাও সন্তুষ্ট নন।

রাহুলের ভাষায়, ওদের নির্দেশ মানতেই হয়, তাই তারা তা করছে। কিন্তু যা ঘটছে, তাতে পুলিশও খুশি নয়। তারা জানে একটি অপরাধ সংঘটিত হচ্ছে। তারা এই শিক্ষার্থীদের মধ্যে নিজেদের সন্তানদের দেখতে পাচ্ছে।

রাহুল গান্ধীর এই বক্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে তার এই দাবির বিষয়ে দিল্লি পুলিশ বা ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ