ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
আজ সোমবার (১৩ এপ্রিল) থেকে ইরানের সব বন্দর অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তানে ওয়াশিংটন-তেহরানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরই এই পদক্ষেপের কথা জানানো হয়।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে—ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক চলাচলের ওপর এই অবরোধ প্রযোজ্য হবে। এর আওতায় পারস্য উপসাগর ও ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।
তবে, ইরানের বাইরের বন্দরগামী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে চলাচলের স্বাধীনতায় বাধা দেবে না মার্কিন বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে এই অবরোধ কার্যকর হয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন নৌবাহিনীর ওপর হামলার চেষ্টা করলে সংশ্লিষ্ট যেকোনো ইরানি শক্তিকে ‘ধ্বংস করে দেওয়া হবে’। পাশাপাশি, ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী জাহাজও আটক করা হতে পারে বলে সতর্ক করেন তিনি।
অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হুমকির মুখে ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।
এ পরিস্থিতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, যেকোনো অগ্রসরমান সামরিক জাহাজকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এই যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকার কথা এবং তা ভঙ্গ করা হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই অবরোধ কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
আপনার মতামত লিখুন :