শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে, তাই মামলার তদন্ত শেষ করতে বেশি সময় লাগবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আলোচিত তনু হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার ডিএনএ পরীক্ষা চলছে। একই সঙ্গে এই ঘটনায় আরও একজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :