টানা বৃষ্টির পর ফিরছে গরম, আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
টানা ছয় দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা অনেকটাই কমে এসেছিল। তবে এবার তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয়, দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আগামী দুই দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে, ফলে অনেক এলাকায় গরমের অনুভূতিও বাড়বে।
আপনার মতামত লিখুন :