মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নিজেদের নিরাপত্তাই দিতে অক্ষম : মোজতবা খামেনি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কিংবা এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের রক্ষা করতে অক্ষম বলে মন্তব্য করেছেন মোজতবা খামেনি।
শুক্রবার (১ মে) রুশ বার্তা সংস্থা তাস-এর এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমেরিকার ভুয়া সামরিক ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা দেওয়ারই সক্ষমতা নেই, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনুচরদের নিরাপত্তা দেওয়া তো দূরের কথা।
এর আগে ইরান-এর সর্বোচ্চ নেতা মন্তব্য করেছিলেন, পারস্য উপসাগর অঞ্চলের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো স্থান নেই।
এদিকে, ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জানানো হয়, মিশর, ইরাক, কাতার ও সৌদি আরবসহ অন্যান্য দেশের পাশাপাশি তুরস্ক ও আজারবাইজান-এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তিনি আলোচনা করেন।
আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর ‘যুদ্ধ ও আগ্রাসনের অবসান’ বিষয়ে ইরানের অবস্থান এবং সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :