মধ্যপ্রাচ্যের শান্তির পথে বড় পদক্ষেপ, সুইজারল্যান্ডে মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান দীর্ঘ সংঘাতের স্থায়ী অবসান এবং একটি চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মুখোমুখি আলোচনায় অংশ নেবে।
এই মেগা বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অপরদিকে, ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর নেতৃত্বে তেহরানের প্রতিনিধি দল ইতোমধ্যেই জুরিখে পৌঁছেছে।
কাতার ও পাকিস্তান-এর সরাসরি মধ্যস্থতায় সুইজারল্যান্ডের লুজানের নিকটবর্তী বুর্গেনস্টক রিসোর্টে এই বিশেষ কারিগরি ও রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার ভিত্তি হিসেবে থাকছে বুধবার (১৭ জুন) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পাদিত ১৪ দফার ঐতিহাসিক খসড়া সমঝোতা স্মারক। ওই সমঝোতার আলোকে আগামী ৬০ দিনের জন্য একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে, যার মূল লক্ষ্য অঞ্চলটিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি নিশ্চিত করা।
মার্কিন প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট ভান্সের পাশাপাশি রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, যারা ইতোমধ্যেই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন।
ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন স্পিকার গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেমমাতি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতার অবসানে একটি নতুন অধ্যায় সূচিত হতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতেও এর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে।
আপনার মতামত লিখুন :