হযরত শাহজালাল বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় ৩ মার্চ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, আজকের বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, বাহরাইনের গালফ এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট রয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ঢাকার ফ্লাইটগুলোর কার্যক্রম সরাসরি প্রভাবিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিষেধাজ্ঞা থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত চার দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টিতে।

তিনি আরো জানান, কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ এবং দুবাই রুট বাদে অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ