নারী ও সমাজকল্যাণে সরকারি অনুদান, সম্মাননা চেক পেলেন কুলাউড়ার দীপা বেগম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
মোঃ আব্দুল মুবিন :
দেশের ৬৪ জেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও নারী উদ্যোক্তাদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি অনুদানের সম্মাননা চেক বিতরণ করা হয়েছে। সম্মাননা চেক পেলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দীপা বেগম।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা চেক বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে দেওয়া এ অনুদানের মূল উদ্দেশ্য হলো নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও নারী উদ্যোক্তাদের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করা। এসব সংগঠন নিজ নিজ এলাকায় নারী ও শিশুর কল্যাণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি ও নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি অনুদানের মাধ্যমে এসব সংগঠনের চলমান কার্যক্রম আরও সম্প্রসারিত করার পাশাপাশি নতুন নতুন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে।
বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সঙ্গে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেলথ অর্গান’-এর প্রতিনিধি দীপা বেগম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুলাউড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি হিসেবে জাতীয় পর্যায়ের এ আয়োজনে তাঁর অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে নারী ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত সংগঠনগুলোর জন্য উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি অনুদানের মাধ্যমে কুলাউড়ার ‘হেলথ অর্গান’সহ দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নারী, শিশু, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।
বক্তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারি সহায়তার পাশাপাশি নিজস্ব সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। তাঁদের মতে, সরকারি সহায়তা ও স্থানীয় পর্যায়ের সক্রিয় উদ্যোগের সমন্বয় ঘটলে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে আরও টেকসই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :