প্রকাশ্যে হেনস্তার অভিযোগ মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের, সামাজিক মাধ্যমে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনোদন ডেস্ক :
রাজধানী ঢাকার সাভারে প্রকাশ্যে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বাজারে সবজি কিনতে গিয়ে এক ব্যক্তির ধাক্কায় আহত হয়েছেন এবং পোশাক নিয়ে কটূক্তির মুখে পড়েছেন।
ফেসবুকে দেওয়া পোস্টে নায়লা নাঈম লেখেন, ব্যক্তিগতভাবে যারা তাকে চেনেন তারা জানেন তিনি শালীন পোশাকই পরেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, মা’র সঙ্গে সাভারের একটি স্থানীয় বাজারে রাস্তার পাশে সবজি কিনছিলেন। এ সময় মাথায় টুপি পরা ও দাড়িওয়ালা আনুমানিক ৪২ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি হঠাৎ তাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই ব্যক্তি তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং প্রকাশ্যে তাকে হেনস্তা করেন বলে অভিযোগ করেন নায়লা নাঈম।
তিনি আরও জানান, আকস্মিক এই ঘটনায় তার হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায় এবং বাম হাতে আঘাত পান। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তার মা তাকে টেনে একটি অটোরিকশায় তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। নায়লা নাঈম লেখেন, তার মা তখন আতঙ্কিত হয়ে তাকে চুপ থাকতে বলেন এবং এখনও ভয় কাটেনি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, এটি কি স্বাধীন রাষ্ট্র। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, নায়লা নাঈম দেশের পরিচিত মডেল ও অভিনেত্রী। ডেন্টাল সার্জন হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে মডেলিং ও বিনোদন অঙ্গনে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি পান। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে।
আপনার মতামত লিখুন :