তোষামোদ নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অটল থাকতে হবে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
গণমাধ্যমকে তোষামোদির সংস্কৃতি থেকে বের হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সম্মিলিতভাবে একটি সুস্পষ্ট নীতি কাঠামো তৈরি করা গেলে গণমাধ্যম খাতের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, টেলিভিশন শিল্পকে একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে তুলতে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর জোর দেন গণমাধ্যম প্রতিনিধিরা।
আপনার মতামত লিখুন :