অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্র তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয়, যখন তার জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। সাধারণ মানুষকে অভাব-অনটনের মধ্যে রেখে কিংবা তাদের কণ্ঠরোধ করে কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন ও শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারে না।
দেশীয় উদ্যোক্তাদের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রকৃত উদ্যোক্তারা যাতে বিনিয়োগে উৎসাহ পান, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও নীতিগত সুবিধা দেওয়া হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হবে।
তারেক রহমান বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষ বর্তমানের চেয়ে আরও ভালো জীবনযাপন করতে পারবেন। এ লক্ষ্য অর্জনেই সরকারের সব পরিকল্পনা ও উদ্যোগ পরিচালিত হচ্ছে।
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও দেশের নিজস্ব উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আরও বেশি উৎসাহিত করতে চায়। তাদের ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারি সহযোগিতা ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেগবান হবে।
আপনার মতামত লিখুন :