বরগুনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে জেলা অবহিতকরণ সভা
জাকিয়া সুলতানা, বরগুনা জেলা প্রতিনিধি :
আগামী ২৮ জুন দেশব্যাপী অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরগুনায় জেলা অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়, বরগুনার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৮ জুন বরগুনা জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে মোট ৯৫১টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬টি স্থায়ী এবং ৯৪৫টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় জেলার মোট ১ লাখ ১৮ হাজার ৬৯৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার ৭৮৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪ হাজার ৯১১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।
কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও পৌর স্বাস্থ্যকর্মীসহ মোট ৪৫৭ জন মাঠকর্মী এবং ১ হাজার ৪৪৫ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এই জনস্বাস্থ্য কর্মসূচি সফল করতে গণমাধ্যমসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে।
তিনি আশ্বস্ত করে বলেন, সরকারিভাবে সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত কার্যকর।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কৌশল ও নির্দেশিকা উপস্থাপন করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
