শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ ও নিপীড়নের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথমে প্রথম আলো বন্ধুসভা-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ও আত্মার বন্ধন ফাউন্ডেশনের ব্যানারে পৃথক মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে শিশু ও নারী ধর্ষকদের কোনো স্থান নেই। সাম্প্রতিক সময়ে যেভাবে শিশুদের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তা পুরো জাতিকে নাড়া দিয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো মা-বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।
এ সময় জেলা জজ কোর্টের আইনজীবী আব্দুল বারি, প্রথম আলো পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি রাজিউর রহমান, শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাব-এর সাংগঠনিক সম্পাদক ইনসান সাগেরদ, আত্মার বন্ধন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জহরা এবং বিভিন্ন অভিভাবক মানববন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলাও জরুরি।
আপনার মতামত লিখুন :