সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘদিন পর নিজ গ্রামে ফিরল ম্রো সম্প্রদায়ের ৫ পরিবার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
এলেক্স বড়ুয়া, বান্দরবান জেলা প্রতিনিধি :
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর নির্যাতন ও ভীতিপ্রদর্শনের মুখে ২০২৩ সালের মে মাসে ঘরছাড়া হওয়া ম্রো সম্প্রদায়ের আরও পাঁচটি পরিবার দীর্ঘদিন পর নিজ বসতভিটায় ফিরে এসেছে। সাম্প্রতিক সময়ে বান্দরবানের পাইন্নুমপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পরিবারগুলো নিরাপদে নিজ গ্রামে প্রত্যাবর্তন করে।
জানা গেছে, ফিরে আসা পাঁচটি পরিবারের মোট ২২ জন সদস্যকে সেনাবাহিনীর সহযোগিতায় আনন্দঘন পরিবেশে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের ভিটেমাটিতে ফিরতে পেরে পরিবারের সদস্যরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন।
প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর নতুনভাবে জীবন শুরু সহজ করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি আলু এবং ৫ কেজি লবণ বিতরণ করা হয়।
ম্রো সম্প্রদায়ের সদস্যরা দীর্ঘদিন পর শান্তিপূর্ণ পরিবেশে নিজ এলাকায় ফিরে আসতে পেরে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকাকে সন্ত্রাস, আতঙ্ক ও চাঁদাবাজিমুক্ত রাখতে বিশেষ অভিযান ও নিরাপত্তা তৎপরতাও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :