কারখানার উৎপাদন বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করা হবে : বাণিজ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সচল শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল যুক্ত করার উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে কোম্পানি নিবন্ধনের মাত্র ১৪ দিনের মধ্যেই আইআরসি ও এলসি খোলার সুবিধা চালু করা হচ্ছে।

শনিবার (২৭ জুন) বিকেলে বিজিএমইএর ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, শিল্প খাতে গ্যাস সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করতে ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করা জরুরি হয়ে পড়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমবে এবং কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে ডকিং ও আনডকিং প্রক্রিয়ায় ডেনিশ প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন বিদেশি অপারেটর যুক্ত হচ্ছে বলেও জানান মন্ত্রী। তার ভাষায়, পরিবহন ব্যয় কমিয়ে শতভাগ উৎপাদন সক্ষমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

ব্যবসার সহজীকরণ প্রসঙ্গে তিনি বলেন, একাধিক সংস্থার আলাদা আলাদা হয়রানিমূলক পরিদর্শনের পরিবর্তে চালু হচ্ছে ‘অনলাইন ওয়ান উইন্ডো’ ও ‘সমন্বিত পরিদর্শন’ ব্যবস্থা। এতে উদ্যোক্তাদের সময় ও খরচ দুটোই কমবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের মোট রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তবে রফতানি খাতে বৈচিত্র্য আনতে সরকার চামড়া, পাট ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে শিল্পখাত সংশ্লিষ্টরা সরকারের এই উদ্যোগগুলোকে উৎপাদন ও রফতানি বাড়ানোর জন্য সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ