ভারত থেকে আমদানি করা চাল নিয়ে মোংলা বন্দরে দুই জাহাজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ভারত থেকে আমদানি করা চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। ভারতের কলকাতা বন্দর থেকে পানামা পতাকাবাহী ‘এইচ টি পাইনিওর’ জাহাজে ১১ হাজার মেট্রিক টন এবং ভিয়েতনাম পতাকাবাহী ‘হোয়াংটন-৮৯’ জাহাজে ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে বিদেশি জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিয়েস’-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম এ তথ্য জানান।

তিনি বলেন, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল আমদানি করা হয়েছে। কলকাতা বন্দর থেকে মোংলা বন্দরে আসা জাহাজ দুটি থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার সকাল থেকেই চাল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

খালাস করা চাল ছোট লাইটারেজ জাহাজের মাধ্যমে নৌপথে দেশের বিভিন্ন জেলার সরকারি গুদামে পাঠানো হচ্ছে। চার থেকে পাঁচ দিনের মধ্যে জাহাজ দুটি থেকে সম্পূর্ণ চাল খালাসের কাজ শেষ হবে বলে জানান তিনি।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান সরদার বলেন, জিটুজি (G2G) চুক্তির মাধ্যমে সরকার ভারত, পাকিস্তান ও মিয়ানমার থেকে ৮ লাখ টন সিদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সেই চুক্তির আওতায় ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের এটি নবম চালান।

তিনি আরও বলেন, দেশের বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বাড়াতে সরকার ও বেসরকারি পর্যায়ে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করা হচ্ছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত এসব চালের মধ্যে নন-বাসমতি চালের পরিমাণ বেশি, যা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করছে।

এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে ভারতের পেট্রাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে চাল দেশে প্রবেশ করছে এবং দ্রুত দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ