বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ২৭ কি.মি. জমি হস্তান্তর পশ্চিমবঙ্গ সরকারের
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ভারতের পশ্চিমবঙ্গ সরকার কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে ২৭ কিলোমিটার এলাকায় জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে এই জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
জানা গেছে, সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে ৯টি জেলায় ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি এবং ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত মালিকানাধীন জমি কেনার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব জমির ব্যয়ভার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহন করবে।
পশ্চিমবঙ্গের পক্ষ থেকে জানানো হয়, মোট ২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় এই জমি হস্তান্তর করা হয়েছে, যেখানে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু হবে।
রাজ্য প্রশাসনের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মিত হয়েছে। তবে বাকি অংশে রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই উদ্যোগ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :