মার্কিন চাপ ইরানের ওপর কোনো প্রভাব ফেলবে না : বাঘাই
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা কোনো ফল দেবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার (২৪ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের ব্যর্থ নীতিতে আঁকড়ে থাকার বিষয়টি ইরানি জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের বিদ্বেষেরই প্রমাণ। কারণ মার্কিন কর্তৃপক্ষ ভালো করেই জানে, নিষেধাজ্ঞার প্রত্যক্ষ প্রভাব সাধারণ মানুষের ওপরই পড়ে।
তিনি বলেন, বাণিজ্যিক সম্পর্ক সীমিত করতে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ভয়ভীতি প্রদর্শন মুক্ত বাণিজ্য এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মানের নীতির পরিপন্থী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, মক্কা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাঘাই বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় দেশটির ঘনিষ্ঠ মিত্রদের মধ্য থেকেও প্রতিবাদ দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের ওপর প্রভাব বিস্তারের মার্কিন নীতি অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও তা কাঙ্ক্ষিত ফল দেবে না।
আপনার মতামত লিখুন :