নিয়ম ভেঙে পুশইন মেনে নেওয়া হবে না, ভারতকে একাধিক চিঠি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
নিয়ম না মেনে বাংলাদেশে পুশইনের কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ধরনের ঘটনা বন্ধে ভারতকে ইতোমধ্যে ১২–১৩টি চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যারা অবৈধভাবে ভারত-এ অবস্থান করছেন, তাদের ফেরত দেওয়ার একটি নির্ধারিত ও স্বীকৃত প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই প্রত্যাবাসন সম্পন্ন করতে হবে। নিয়মের বাইরে গিয়ে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতের পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিহত করছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশইন চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা লোকজনকে একাধিক জায়গা থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিএসএফ।
আপনার মতামত লিখুন :