বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুরাখালি এলাকায় অবস্থিত বোয়ালখালী সানশাইন একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, যুগ্ম অর্থ সম্পাদক মাহফুজ রকি, সংগঠনের শুভাকাঙ্ক্ষী উজ্জ্বল শুক্ল দাশ, সাধারণ সদস্য ও সাহিত্যিক চট্ট রিয়াজ চৌধুরী। এছাড়া বোয়ালখালী সানশাইন একাডেমির প্রধান শিক্ষক শামশুন নাহার, সিনিয়র শিক্ষিকা শাহিদা আক্তার, ফারহানা শারমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃক্ষ প্রকৃতি ও মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, বরং সেই গাছকে বড় করে তোলা এবং সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যতেও বৃক্ষরোপণ, চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :