রামিসার বাসায় প্রধানমন্ত্রী, একটি শিশুর মৃত্যু কাঁদাচ্ছে দেশ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
রাজধানীর পল্লবীতে হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে তিনি রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় রামিসার বাসায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিতে গিয়ে রামিসার মা পারভীন আক্তার বলেন, তিনি একটি চিৎকার শুনেছিলেন, কিন্তু সেটি যে তার মেয়ের চিৎকার ছিল, তা তখন বুঝতে পারেননি। তিনি জানান, ঘটনার সময় রামিসাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে স্কুলের পোশাক পরতে বলে তাকে পাশের কক্ষে পাঠান। কিছুক্ষণ পরই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা।
শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করেছে পুলিশ।
এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। এখন সবার দাবি একটাই, দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :