নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মেহেদী হাসান, নড়াইল :
নড়াইলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাদের মোল্যা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক। এর আগে বুধবার (৩ জুন) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাদের মোল্যা লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া গ্রামের তবিবর মোল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ–এর জেলা গোয়েন্দা শাখার একটি টিম ওসি মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই মো. টিটু আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাদের মোল্যা মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাঘারপাড়া থানা এলাকা থেকে একটি ১৫০ সিসি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, কাদের মোল্যার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
এ বিষয়ে ডিবির ওসি মো. আব্দুল খালেক বলেন, চুরি ও চোরাচালান প্রতিরোধে জেলা গোয়েন্দা শাখার অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :