ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মশাল মিছিলের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে ওসমানীনগর থানার একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আলামতসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাব্বির আহমেদ বিপ্লব (২৬), পিতা কামরুল হাসান সাগর, বাড়ি টুকের বাজারের বানাগাঁও এলাকায়; নাহিদ হাসান (২১), পিতা আব্দুল হামিদ, বাড়ি শেখঘাটের নবাবপুর এলাকায় এবং হৃদয় পাল (২০), পিতা সুরেশ পাল, বাড়ি দক্ষিণ সুরমার পৈতপাড়া এলাকায়। তিনজনই সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :