জননিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় সক্রিয় সিলেটের এসপি ড. যাবের সাদেক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখছে জেলা পুলিশ। ২০২৬ সালের ১২ মার্চ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. চৌধুরী মো যাবের সাদেক পেশাদারিত্ব, শৃঙ্খলা, কল্যাণ ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে বিশেষ কল্যাণ সভা করেন তিনি। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ওসি ও পুলিশ সদস্যদের নিয়ে জননিরাপত্তা নিশ্চিত ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। জনগণের সেবায় পুলিশকে আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের গতিশীলতা বাড়াতে নিয়মিত কল্যাণ সভা, মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৩ সেপ্টেম্বর মাস্টার প্যারেডে তিনি সালাম গ্রহণ করেন এবং পোশাক-পরিচ্ছদ ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্নআউটের জন্য সদস্যদের জিএস মার্ক প্রদান করা হয়।
একই দিন মাসিক কল্যাণ সভায় এসএসসি-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয় এবং বদলিজনিত বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়। এসবউদ্যোগ কর্মপরিবেশ উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়িয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণে ১৩ সেপ্টেম্বর আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা হয়। সেখানে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করে শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কৃত করা হয়। এসপি মনে করেন, অপরাধের হার ও মামলা নিষ্পত্তির প্রকৃত চিত্র বুঝতে হালনাগাদ পরিসংখ্যান প্রয়োজন।
২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯০টি মোবাইল টিমসহ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়। গ্রামীণ অপরাধ দমনে গ্রাম পুলিশকে দিকনির্দেশনা, থানা পুলিশের সঙ্গে সমন্বয় ও দ্রুত তথ্য আদান-প্রদানের ওপর জোর দেন তিনি। চুরি, মাদক, বালু-পাথর সংক্রান্ত অপরাধ ও সামাজিক বিরোধের তথ্য দ্রুত পৌঁছানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।
এসপির মতে, পুলিশের কাজ শুধু অপরাধের পর ব্যবস্থা নেওয়া নয়, প্রতিরোধ ও নাগরিকদের পাশে দাঁড়ানোও দায়িত্ব। নারী-শিশুর নিরাপত্তা, মাদকবিরোধী অভিযান, অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও মানবিক আচরণ জনবান্ধব পুলিশিংয়ের মূল ভিত্তি। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য নিয়মিত তথ্য প্রকাশ জরুরি।
জেলা পুলিশ, গ্রাম পুলিশ, প্রশাসন ও জনগণের সমন্বয়ে নিরাপদ সিলেট গড়ার প্রত্যাশা স্থানীয়দের।
আপনার মতামত লিখুন :