পঞ্চগড় সীমান্তে ৩৬ ঘণ্টা ধরে জিরো লাইনে নারী-শিশুসহ ১০ জন আটকা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
ফলে গত প্রায় ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে তারা দুই দেশের সীমান্তবর্তী জিরো লাইনে অবস্থান করছে। একইসঙ্গে বিএসএফও তাদের ফেরত নেয়নি। এতে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
শনিবার (৬ জুন) পুনরায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি।
স্থানীয়রা জানান, শুক্রবার সারাদিন প্রখর রোদ ও রাতভর বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়েছে নারী ও শিশুদের। তারা বলেন, “এত প্রতিকূল আবহাওয়ায় বাচ্চা ও নারীদের এভাবে ফেলে রাখা অমানবিক। দ্রুত সমাধান না হওয়ায় আমরা উদ্বিগ্ন।”
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে টহল দল তা প্রতিহত করে। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফিরিয়ে নিতে রাজি হয়নি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, বিজিবি কোনো ধরনের পুশইন মেনে নেবে না। সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :