দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে আগুন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় হামলা এবং মায়ফাদুন শহরের সৌর প্যানেলে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনএনএ জানায়, মায়ফাদুন, জাওতার আল-শারকিয়াহ ও ওয়াদি আল-সালুকি শহরের মধ্যবর্তী এলাকায় এসব হামলা চালানো হয়। এ ছাড়া বারাচিত ও বেইত ইয়াহুন শহরেও কামান হামলার খবর পাওয়া গেছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়, গত রাতে মায়ফাদুনের সৌর প্যানেলে বোমাবর্ষণের পর সেখানে আগুন ধরে যায়। একই সময়ে দক্ষিণ লেবাননের বারাচিত শহরের আবদ আল-নাবি এলাকাতেও ব্যাপক বোমাবর্ষণ করা হয়।
এ ছাড়া টায়ার জেলার আল-মানসুরি শহরেও দ্বিতীয় দফায় বোমাবর্ষণ করা হয়েছে। এর আগে ভোরে ওই এলাকায় কামান হামলার খবর পাওয়া যায়।
হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা, এনএনএ
আপনার মতামত লিখুন :