প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রায় দুই বছর বিরতির পর বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ভিসা প্রদান শুরু হবে ১ জুলাই থেকে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনে এসে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
হাইকমিশনার জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের মোট পাঁচটি ভিসা সেন্টার চালু থাকবে। পর্যায়ক্রমে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, ভিসা সেন্টারগুলো থেকে মেডিকেল ভিসার পাশাপাশি শিশু, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ সেবা সুবিধা দেওয়া হবে, যাতে আবেদন প্রক্রিয়া আরও সহজ ও মানবিক হয়।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার।
দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালুর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিরা। তাদের আশা, এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে ভ্রমণ, চিকিৎসা ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে।
আপনার মতামত লিখুন :