স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীযতাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। বিশ্বশান্তি রক্ষায় বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। পাশপাশি সব প্রাকৃতিক দূর্যোগ ও দূর্বিপাকের সময়ে বাহিনীটির ভূমিকা জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
২১ নভেম্বর শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক শুভেচ্ছাবার্তায় এসব কথা লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লেখেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়। এজন্য প্রতি বছর ২১ নভেম্বর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়। সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরী সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। একাত্তরের রনাঙ্গণে বাহিনীর সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জল অধ্যায়। এই দিবসে উপলক্ষে তিন বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশপাশি বাহিনীর সাফল্য, উন্নতি ও অগ্রগতি কামনা এবং স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।
বাংলাদেশ জাতীযতাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে আধুনিক বিশ্বের সাথে সংগতি রেখে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছিলেন। তিনিই সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেছিলেন। সেই সময় থেকেই বাহিনী তিনটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত হয়। যা বিশ্বের যেকোনও আধুনিক রাষ্ট্রের সেনাবাহিনীর সমকক্ষ। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলেন। ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।
সবশেষে তারেক রহমান লেখেন, মুক্তিযুদ্ধে জীবন দেয়া বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
আপনার মতামত লিখুন :