সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা মেনে নেওয়া হবে না : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের চলমান বিভিন্ন সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগের স্বৈরাচারী সরকার ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে।’
তিনি বলেন, এসব সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরির পাঁয়তারা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের মধ্যেই এখন ক্ষমতাচ্যুত স্বৈরাচার আশ্রয় নিয়ে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। এমনটি হলে ওই ‘গুপ্ত’ শক্তি স্বৈরাচারকে আবার সামনে নিয়ে আসার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থাকার কথা স্বীকার করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আগের স্বৈরাচারী সরকার ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। তবে সংকটকে পুঁজি করে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।
সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব। গণতান্ত্রিক নীতি-নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করব।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, সেটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তা দেশের আইনে বলা আছে। জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা প্রয়োজন।
দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতিটি সংকটের সময় বিএনপি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে। ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে আনতেও ভূমিকা রেখেছে দলটি।
বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা মানুষের প্রতিও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে আছে। শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন, তাদের সবার কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :