ঢাকায় শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চালু
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
দেশের রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে স্থগিত ফ্লাইট কার্যক্রম রাত ৯টা থেকে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১৮ অক্টোবর শনিবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের যৌথ তৎপরতায় আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে স্বাভাবিকভাবে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করা হবে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার উৎস শনাক্ত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমানবন্দর ব্যবহারকারী, যাত্রী ও সাধারণ জনগণের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অগ্নিকাণ্ডের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :